Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ২৩:২৪

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

কুষ্টিয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আমরা জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি। বর্তমানে ইসলামী নীতি-আদর্শ নিয়ে কথা বলার মতো ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো দল নেই।

রোববার (৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক জেলা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রেজাউল করিম বলেন, তাদের পুরো নির্বাচনি ইশতেহারে কোথাও বলা হয়নি যে তারা ইসলাম বা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে। বরং তারা বিভিন্ন মহলে বৈঠকের মাধ্যমে জানিয়েছে, ক্ষমতায় গেলে প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। অন্যদিকে আমাদের নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আল্লাহ ক্ষমতায় নিলে আমরা ইসলামি শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব।

বিজ্ঞাপন

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সরকারের কাছে পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, বাস্তবে তা দেখতে পাচ্ছি না। এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। বরং সর্বত্র মাদকের বিস্তার দেখা যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূল করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করুন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও প্রভাষক মুফতি আহমাদ আব্দুল জলিল।

সম্মেলন পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম গোলাম তাওহিদ।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর