নরসিংদী: জেলার শিবপুরের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার ইটাখলা-মঠখলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে ও স্বাধীনের বাড়ি বাদুয়ারচরের পুরানপাড়ায়।
পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।‘