চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেলচালক নিহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌরসভার তালতলার শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। সে আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালাচ্ছিল আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে স্বজনেরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’