ফরিদপুর: সৌদি আরবে ওমরা হজ পালনে গিয়ে রিয়াদ থেকে মক্কা যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা, ছেলে ও মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা ও অপর এক ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে তাদের বহন করা প্রাইভেটকারের সঙ্গে অপর মালবাহী যানের এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক(২০) ও মেয়ে জারা(১৫)। এ ছাড়া, আহত হয়েছেন- তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামী কিশোরগঞ্জের ভৌরব এলাকার বাসিন্দা। হতাহতরা সৌদি আরবে বসবাস করে এবং ছেলে তাসবিক ফিনল্যান্ডে লেখাপড়া করতেন।
রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, ‘আমার ফুফাতো বোন ও দুলাভাই তিন ছেলে-মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পর সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দু’জন মারাত্মক আহত হয়েছেন।’
রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, ‘ওমরাহ পালনের জন্য রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পেছনে বড় গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।’ নিহতদের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চান তিনি।