নাটোর: নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুর্ঘটনায় রমিজুল করিম (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমিজুল করিম উপজেলার কলম গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নাটোরের দিক থেকে মোটরসাইকেলযোগে রমিজুল করিম বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজোয়ান আহমেদ জানান, সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জালারবাতা এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।