বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার।
‘পাট ও পাটজাত পণ্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি’—এই স্লোগানকে সামনে রেখে পাট অধিদফতর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এদিন পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানকালে চালের দোকানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ অনুযায়ী মেসার্স ভাই ভাই ভান্ডারের মালিক বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা এবং মেসার্স মিরাজ এন্টারপ্রাইজের মালিক আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদারসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
অভিযান শেষে বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, “পরিবেশ দূষণ রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়ন করেছেন। এ আইন বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে এবং প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার রোধ করে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে হবে।”