Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৬:৪১

মরদেহ। প্রতীকী ছবি।

ঢামেক: রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরের ঘটনায় কামরুজ্জামান খান দীপু (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে গতরাতে মুগদা হাসপাতাল থেকে দীপুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই সুমন মিয়া জানান, নিহত দীপু খিলগাঁও সি ব্লকের স্থায়ী বাসিন্দা এবং তার বাবার নাম শামসুদ্দিন খান। তিনি পানির ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৯ জুলাই সন্ধ্যার দিকে দীপুকে খিলগাঁও থেকে ভ্যানে করে তুলে নিয়ে শাহজাহানপুর এলাকায় মারধর করা হয়। এরপর রাতে তাকে খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তারা এসে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার কথা বলেন।

এসআই আরও বলেন, ‘স্বজনদের কাছে টাকা না থাকায় তারা দীপুকে বাসায় নিয়ে যান। এরপর শুক্রবার সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই সুমন মিয়া জানান, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর