ফরিদপুর: ফরিদপুরে শামেলা আক্তার (৬২) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে রাহিম শেখ (৩৫)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে শহরের বায়তুল আমান আব্দুর রহমান মোল্যা ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামেলা আক্তার ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান আব্দুর রহমান মোল্যা ডাঙ্গীর মৃত আকবর শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী একটি বাড়ির উঠানে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই নারীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তার ভাই রাহিম শেখ নেশাগ্রস্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই টাকা-পয়সার জন্য তাদের মাকে চাপ দিতেন। সকালে ভাইকে ঘরে রেখে তিনি কর্মক্ষেত্রে যান। দুপুরে খবর পেয়ে জানতে পারেন, তার মাকে হত্যা করে রাহিম পালিয়ে গেছেন।
পুলিশ জানায়, রাহিম শেখ এর আগে ২০১৬ সালে তার সৎ মাকেও কুপিয়ে হত্যা করেছিলেন। ৫-৬ বছর আগে তিনি জামিনে বের হন। পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি কিছুটা উগ্র ও নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই নিজের মা, ভাই ও বোনদের মারধর করতেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকান্ত দত্ত জানান, শহরের বায়তুল আমান এলাকায় ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পরিবারের দাবি, রাহিম শেখ মানসিক সমস্যাসহ নেশাগ্রস্ত ছিল। ঘাতকের ঘরে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতিসহ মাদকদ্রব্য সেবনের আলামত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘাতককে ধরতে কাজ করছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।