বাগেরহাট: জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ধারালো ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোটসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌর এলাকার নাগেরবাজারসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান চালায়। এ সময় গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে ব্লকেড দিয়ে সন্দেহভাজন মাদককারবারি ও চিহ্নিত অপরাধীদের দেহ তল্লাশি এবং বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়।
অভিযানে নাগেরবাজার ও আশপাশের এলাকা থেকে এক নারীসহ আটজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং অপরাধে ব্যবহারের জন্য সংগৃহীত ৫৫টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার এলাকার পলি (৪৫)।
অন্যদিকে, ডিবির পৃথক অভিযানে বাগেরহাট সদর থানার হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড় এলাকা থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা জাল নোটের প্রতিটির মূল্য ১ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন— পিরোজপুরের নাজিরপুর এলাকার মো. আকলাস ভুইয়া (৫৫), আশিকুর রহমান মোল্লা (২৩) ও মো. শিবলু ফকির (২৪)।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সাঁড়াশি অভিযান ও চিরুনি তল্লাশি অব্যাহত থাকবে।’
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।