ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে জসিম সরদার (২২) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জসিম আলফাডাঙ্গা উপজেলার পানিপাড়া গ্রামের রফিক সরদারের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি ছিল। সহস্রাইল বাজারসংলগ্ন একটি ঘরে স্ত্রী ও ৪ বছরের এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্ত্রী হোটেলে কাজে যাওয়ার সময় জসিম তার কাছে টাকা চান। টাকা না দিয়ে স্ত্রী কাজে চলে যান। পরে কাজ শেষে ঘরে ফিরে দরজা খুলে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জসিমকে দেখতে পান।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু লস্কর বলেন, জসিম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।