Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্দোলন করে বিএনপিকে জিম্মি করার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ১৮:৩৫

লক্ষ্মীপুর: বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং তা সামগ্রিকভাবে দেশের জন্য চরম ক্ষতি বহন করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিরোধী দলকে আন্দোলন ছেড়ে দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যদি সব সময় আন্দোলনের মধ্যে থাকে, তবে দেশের উন্নয়ন সম্ভব নয়। আন্দোলন করে বিএনপিকে জিম্মি করার কোনো সুযোগ নেই। বিএনপিকে দুর্বল ভেবে জিম্মি করার কোনো সুযোগ দেওয়া হবে না।’

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় ‘এসডিএফ-এর বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমরা যেদিন শপথ নিয়েছি, বিরোধী দল সেদিন উপস্থিতও হয়নি, সহযোগিতা করা তো দূরের কথা। অথচ তারা দীর্ঘ ১৭ বছর পর অর্জিত গণতন্ত্র ও দেশ গড়ার কাজে না এসে আন্দোলনের হুমকি দিচ্ছে।’

বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়। শেখ হাসিনা যেভাবে অতীতে টানা হরতাল দিয়ে মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসে দেশের ১২টা বাজিয়ে দিয়েছিল, তারা ভাবছে সেই পথেই সুবিধা পাবে। তারা মনে করছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান কিংবা মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে—সেই সুযোগে তারা ক্ষমতায় আসবে। তবে দেশের সচেতন জনগণ সে সুযোগ আর কাউকে দেবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছিলেন এবং বেগম খালেদা জিয়া যেভাবে গ্রাম-গঞ্জে ঘুরে উন্নয়ন করেছিলেন; ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে উন্নয়ন হবে। মানুষের মুখে হাসি ফুটবে।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর