Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৭:২৯

বক্তব্য দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

ঢাকা: তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘তিস্তা অববাহিকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পানিসম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের আয়োজনে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘তিস্তা উত্তরাঞ্চলের পাঁচটি জেলার মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। শুষ্ক মৌসুমে পানির স্বল্পতা এবং বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির প্রবাহ তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ। নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ, মানুষের জীবনমান উন্নয়ন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।’ গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে যথাসময়ে চুক্তি নবায়নের কাজ চলছে। পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ তিনি কাছ থেকে দেখেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। দ্রুত তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাঘবে গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের চাওয়া তিস্তা মহাপরিকল্পনার ব্যবস্থাপনা টেকসই করতে সরকার কাজ করছে। এরইমধ্যে কারিগরি কমিটি গঠন করা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। তিস্তায় টেকসই সমাধানের পাশাপাশি পানির ন্যায্য হিস্যার বিষয়েও সরকার সজাগ রয়েছে।’

সেমিনারে তিস্তার চ্যালেঞ্জ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাসফিকুস সালেহীন। ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অপশনস’ বিষয়ে বক্তব্য দেন বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান। পানি সংরক্ষণ ও সেচ উন্নয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ড, রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন যৌথ নদী কমিশনের উপদেষ্টা অধ্যাপক ড. আইনুন নিশাত, বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. আবুল ফজল এম. সালেহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর