নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় সাথী (২২) নামের এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাথী ওই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাতে নিত্যদিনের মতো খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। রোববার সকালে সাথীর শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কলহের জের ধরে গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’