Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যাদুর্গত মানুষের পাশে এমপি সরোয়ার আলমগীর

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ০৯:৩৩

চট্টগ্রাম: শপথ গ্রহণের পরদিনই নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রামের ফটিকছড়িতে গিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার হারুয়ালছড়ি ও সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় দুর্গত মানুষের খোঁজখবর নিয়ে তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

সরোয়ার আলমগীর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ফটিকছড়ির কোনো মানুষ যেন অসহায় অবস্থায় না থাকে, সে লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সবাই মিলে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা- ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশ। আমাদের সবাইকে মিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

এর আগে সকালে নিজ এলাকায় জুমার নামাজ আদায় করেন তিনি। পরে মাইজভান্ডার দরবার শরীফে হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (বাবা ভান্ডারী) মাইজভান্ডারী, সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এবং সৈয়দ মতিউর রহমান শাহ কেবলার রওজা জিয়ারত করেন। এ সময় তিনি আগত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

পরে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হেফাজতের আমিরকে মিষ্টিমুখ করান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন হেফাজতে ইসলামের আমির।

দিনের শেষ ভাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন সরোয়ার আলমগীর। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।

এসব কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনসহ দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস 'সহনীয়'
১১ জুলাই ২০২৬ ১০:৪৯

আরো

সম্পর্কিত খবর