চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে রিপন ত্রিপুরা (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ধলই ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিপন ত্রিপুরা খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা গ্রামের প্রভা ত্রিপুরার পুত্র। মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিপন প্রতিদিনের মত মনিয়াপুকুর পাড় এলাকায় চায়ের দোকানের কাজ সেরে বাসায় চলে যান। সোমবার সকালে জমিদার বাসা ভাড়া নিতে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’