Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১১:৫৪

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়িতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর বাড়ির বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফােজতে নেয়া হয়েছে।

নিহত সুমাইয়া আক্তার উত্তর মাদার্শা ইউনিয়নের তেমনি এলাকার ইউসুফের মেয়ে। প্রায় তিন বছর আগে গড়দুয়ারা ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ ফিরোজের সঙ্গে তার বিয়ে হয়।

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচা বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত গৃহবধূ সুমাইয়া আক্তারের ঘরের দরজা বন্ধ ছিল। সুমাইয়া আক্তারের শ্বশুর বাড়ির পরিবারের লোকজন দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়া আক্তার ঝুলে আছে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। মরদেহটির ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় গৃহবধূর শ্বশুরবাড়ির কয়েকজনকে নিয়ে আসা হয়।

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর