চট্টগ্রাম: জেলার মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সালাহ উদ্দিন (৩৬) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাহ উদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মরহুম মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সালাহ উদ্দিন। পথে মুসলিম চত্বরে পৌঁছালে সেভেন রিং সিমেন্টের একটি তেলবাহী গাড়ি ও চিটাগং অনলাইন লিমিটেডের একটি ডাবল কেবিন পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি ও পিকআপ জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে দুর্ঘটনায় সালাহ উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’