Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলা চুরির প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১২:৫৯

নিহত মোহাম্মদ তোহা

চট্টগ্রাম: জেলার পটিয়া উপজেলায় কলা চুরির প্রতিবাদ করায় মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টায় উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে এবং পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আনোয়ার হোসেন (২৯) নামে অভিযুক্ত এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হয়। রাত পৌনে ১২টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এজাহার মিয়ার পরিবারের সদস্যরা তোহাকে মারধর করে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এজাহার মিয়ার পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আনোয়ার হোসেন এজাহার মিয়ার ছেলে।

নিহত তোহার পরিবারের অভিযোগ, তাকে (তোহা) শক্ত লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে ঘটনার সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর