চট্টগ্রাম: নগরীর খুলশী থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. শাহীন কুমিল্লার চান্দিনা থানার সাতগাঁও এলাকার মো. মজিবের ছেলে। তিনি নগরীর থানাধীন আমবাগান পূবালী মাঠ সংলগ্ন সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। শাহীন একাধিক মামলার আসামি।
সিএমপির সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকারী এবং বিভিন্ন মামলার আসামি শাহীনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, উদ্ধার বিদেশি পিস্তলটি ব্যবহার করে শাহীন বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।