Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৫

নিহত বৃদ্ধ।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ে-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার এ বিষয় নিয়ে স্থানীয় বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। এ সময় দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে পরে আব্দুল মান্নানের ওপর হামলা চালান মোজাম্মেল। রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে অন্ধকার একটি স্থানে পৌঁছালে পেছন থেকে তার ওপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘দুই পক্ষই পরস্পরের আত্মীয়। প্রায় ১০ মাস আগে একটি বিয়ে হয়েছিল। পরে ওই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর