চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে এসএম শহিদুল্লাহ রনি নামের এক ব্যবসায়ী ও সাংবাদিকের চলন্ত প্রাইভেটকারে দুর্বৃত্তরা গুলি করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শহিদুল্লাহ রনি বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বর্তমানে দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১২ টার দিকে উপজেলার মেখল ইউপির রহিমপুরস্থ চারাবটতলা এলাকায় হাটহাজারী-রাউজান সড়কের ওপর এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দিবাগত রাতে রনি তার প্রাইভেট গাড়ি (চট্টমেট্টো-ঘ ১১-২৫০০) চালিয়ে চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি রাউজানের দিকে যাচ্ছিলেন। এ সময় উল্লিখিত স্থানে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুই দুর্বৃত্ত তার গাড়িতে ইট নিক্ষেপ করে গাড়িটি থামাতে বাধ্য করান। পরে হামলাকারীরা গাড়ির পেছনের সিট লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গুলির খোসা উদ্ধার করে এ ঘটনায় জড়িতদের শনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।
ভিকটিম এসএম শহিদুল্লাহ রনি বলেন, ‘কিছুদিন আগেও কিছু দুর্বৃত্ত তারা বাসায় গিয়ে হামলা করেছিল।’ এ ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বলেন, ‘রনির সঙ্গে বিভিন্ন পক্ষের পুরোনো দ্বন্দ্ব রয়েছে বলে জানা গেছে। এই শত্রুতার জের ধরেই হামলাটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।