Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণ আদায়ে ‘প্রাক-মামলা মধ্যস্থতা’ জোরদার করতে নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৯:৩৪

ঢাকা: ব্যাংকের খেলাপি ঋণ দ্রুত আদায়ের লক্ষ্যে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ‘প্রাক-মামলা মধ্যস্থতা’ আরও কার্যকরভাবে প্রয়োগের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ মধ্যস্থতাকারী নির্বাচন করতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক সার্কুলার এ নির্দেশনা দেওয়া হয়। এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অল্টারনেটিভ ডিসপিউট রিসোলিউশন ব্যবহারের মাধ্যমে খেলাপি ঋণ দ্রুত আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে ৩০ জুন ২০২৬ সালের মধ্যে প্রতিটি ব্যাংককে তাদের মোট খেলাপি ঋণের অন্তত ১ শতাংশ নগদ আদায় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক জানায়, সরকার ইতোমধ্যে বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য ‘প্রাক-মামলা মধ্যস্থতা’কে অগ্রাধিকার দিচ্ছে। এ উদ্দেশ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬ এবং আইনগত সহায়তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, মধ্যস্থতার মাধ্যমে কম খরচে ও স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়। একই সঙ্গে আদালতের মামলার চাপ কমানো এবং বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করতেও এটি সহায়ক।

সার্কুলারে মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • মধ্যস্থতাকারীকে আইন অনুযায়ী মধ্যস্থতা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্যানেলে তালিকাভুক্ত হতে হবে;
  • সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো ধরনের স্বার্থের সংঘাত থাকা যাবে না;
  • আইন, ব্যাংকিং, বাণিজ্য বা করপোরেট ব্যবস্থাপনায় অন্তত ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; এর মধ্যে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
  • দেশ বা বিদেশের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
  • ব্যাংকিং নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত;
  • ঋণ খেলাপি বা দুর্নীতির কারণে চাকরি থেকে অপসারিত ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় দালিলিক প্রমাণ, প্রত্যয়নপত্র বা হলফনামা সংগ্রহ করতে হবে।

এ নির্দেশনা ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে এ বিষয়ে তাদের গ্রাহকদেরও অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর