Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণের সুদ কমানোসহ এলসি সহজ করার দাবি ব্যবসায়ীদের

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৮:০৭ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৮:১২

সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

ঢাকা: বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা ও দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ব্যাংক ঋণের সুদের হার কমানো, এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজ করা, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবাগুলো স্বয়ংক্রিয় (অটোমেশন) করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর নিউ ধানমন্ডিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতা এবং প্রায় শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের বড় অবদান থাকলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটসংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে উদ্যোক্তারা নানা সমস্যার মুখে পড়ছেন।’ জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, ‘চলতি বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমানো, সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল এবং ৫ বছরের স্থিতিশীল কর কাঠামোর ঘোষণা ইতিবাচক ‘ তবে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য এবং বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংকঋণের ওপর নির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ‘ট্রেড লাইসেন্সসহ সিটি করপোরেশনের সেবায় হয়রানি কমাতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ডিসিসিআইয়ের সহযোগিতায় শিগ্‌গিরই ঢাকা চেম্বারে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. তারেক জুবায়ের বলেন, “চাঁদাবাজি দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর কয়েকটি সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনার সুফল পাওয়া যাচ্ছে। পুরো শহরে এ প্রযুক্তি ছড়িয়ে দিতে ‘স্মার্ট পুলিশিং-স্মার্ট সিটি’ প্রকল্প বিবেচনায় রয়েছে।”

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, ‘বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা ও স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতার ঘাটতির কারণে ব্যবসায় কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। তবে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমার সুযোগ ব্যবসায়ীদের মূলধন ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।’

এনবিআরের দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা বলেন, ‘কর আদায় ও কর-প্রণোদনার মধ্যে ভারসাম্য রেখে ব্যবসা সহজীকরণে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ আইন ২০২৬-এ ব্যবসা পরিচালনা সহজ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ২০৩৫ সাল পর্যন্ত শর্তসাপেক্ষে কর অব্যাহতির সুবিধাও দেওয়া হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগের পরিচালক মাহমুদুন নবী বলেন, ‘ডলার ও বৈদেশিক মুদ্রার চাপের কারণে এলসি নিষ্পত্তিতে সময় লাগছে। পাশাপাশি খেলাপি ঋণের উচ্চ হার ব্যাংকঋণের সুদের হার কমানোর পথে বড় বাধা।’ তিনি আমদানি ব্যয় কমাতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর সঙ্গে কার্যকর আলোচনা বাড়ানোর পরামর্শ দেন।

মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা চশমা শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির নীতিমালা সহজ করা, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির ওপর কর কমানো, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং নীতিমালা প্রণয়ন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে প্রণোদনা, নতুন উদ্যোক্তাদের জন্য এলসি খোলার সুবিধা এবং ট্রেড লাইসেন্সের মেয়াদ এক বছরের পরিবর্তে ৫ বছর করার দাবি জানান।

অনুষ্ঠান শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্যপদ দেওয়া হয়। ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সদস্যপদের সনদ তুলে দেন।

সারাবাংলা/এসএ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর