Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয় কট্টরপন্থী এএফডি’র

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫২

প্রথম ফলাফল ঘোষণার পর এএফডি দলের সদস্যরা উল্লাস করছেন। এপি

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয় কট্টরপন্থী এএফডি’রজার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

সিএনএন এর খবরে বলা হয়েছে, রোববার (৬ সেপ্টেম্বর) রাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৪৪% ভোট পেয়ে নিজেদের ‘ঐতিহাসিক’ বিজয় নিশ্চিত করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে একটি কট্টর ডানপন্থী দলের এটি সম্ভাব্য সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। এ কারণে এএফডির সম্ভাব্য এ সাফল্যকে ‘ঐতিহাসিক’, ‘নাটকীয়’ বলা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে বিজয়ী হলেও দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এএফডি শেষ পর্যন্ত এককভাবে সরকার গঠন করতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করবে এএফডির চূড়ান্ত আসনসংখ্যাসহ অন্যান্য দলের অবস্থানের ওপর।

এই জয়ের ফলে এএফডি সংসদের ৮৩টি আসনের মধ্যে ৩৯টি আসন পেয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের প্রয়োজন ছিল ৪২টি আসন।

ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে দলের নেতারা এবং তাদের প্রধান প্রার্থী উল্লাসে ফেটে পড়েন। তারা একে অপরকে পিঠ চাপড়ে অভিনন্দন জানান।

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলের প্রধান প্রার্থী, উল্লসিত উলরিখ সিগমুন্ড বলেন, ‘আমাদের এই সুন্দর অঞ্চলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। জনগণ খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা অবশেষে রাজনৈতিক পরিবর্তন চায়। এবং সর্বোপরি, তারা দেখিয়েছে যে তারা আমাদের সঙ্গেই এই পরিবর্তন চায়।’

এএফডি ‘পুনর্বাসন’ নীতির ওপর ভিত্তি করে নির্বাচনি প্রচার চালিয়েছে। তাদের প্রধান লক্ষ্য অ-জার্মানদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো। প্রকাশ্যে রুশপন্থী হওয়ার পাশাপাশি, দলটির পরিকল্পনা রয়েছে স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও ঐতিহ্যবাহী মূল্যবোধের দিকে চালিত করা, অভিবাসন নিয়ন্ত্রণ করা এবং সরকারি সম্প্রচার ব্যবস্থার সংস্কার করা।

সিগমুন্ড আরও জানান, নির্বাচনের ফলাফল তার দলকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই ‘বিবেচনাপূর্ণ কূটনীতিতে’ ফিরে আসার ম্যান্ডেট দেবে। তিনি বলেন, ‘জার্মানি হিসেবে আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদের দুটোই প্রয়োজন।’

এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দলটির একটি উপায় হতে পারে জোট গঠন করা। এই জোট গঠনের ক্ষেত্রে তাদের উপযুক্ত দল হতে পারে উগ্র-বামপন্থী সাহরা ভাগেনেক্ট অ্যালায়েন্স (বিএসডব্লিউ)। এই দলটি এরই মধ্যে সংসদে প্রবেশের জন্য ৫% সীমা অতিক্রম করেছে। যদিও এএফডি ইঙ্গিত দিয়েছে যে তারা কোনো চুক্তিতে আগ্রহী নয়।

স্যাক্সনি-আনহাল্টের এই নির্বাচনী ফলাফল জার্মানির প্রচলিত রাজনৈতিক–ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। দেশটির প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে এএফডির সঙ্গে জোট গঠনের বিষয়টি নাকচ করে এসেছে। কিন্তু এখনকার নির্বাচনি ফলাফল এই নীতিকে বড় পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে। এএফডি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দলটিকে বাদ দিয়ে অন্য দলগুলোর পক্ষে সরকার গঠন করা অত্যন্ত কঠিন হবে।

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর