Sunday 19 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৭:৫৩

বাংলাদেশ হাইকোর্ট

ঢাকা: নারী মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে দেশের সব পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী ডোম নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। তিনি জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেসব প্রতিষ্ঠানে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের আবেদন স্বাস্থ্য অধিদপ্তরে করেন রিটকারী আইনজীবী। আবেদন নিষ্পত্তি না হওয়ায় পরে তিনি হাইকোর্টে রিট করেন।

বিজ্ঞাপন

রিট আবেদনে বলা হয়, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে নারী মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে পুরুষ ডোমের মাধ্যমে নারী মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ায় মৃতের পরিবারের মধ্যে অস্বস্তি ও মানসিক কষ্ট তৈরি হয়। নারী ডোম নিয়োগ করা হলে মরদেহের মর্যাদা, গোপনীয়তা ও পরিবারের মানসিক স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মানবাধিকার ও ব্যক্তিগত মর্যাদার প্রশ্নে মৃত্যুর পরও একজন মানুষের প্রতি সম্মান বজায় রাখা জরুরি। অতীতে দেশে মর্গে নারী মরদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগে একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নারী ডোম নিয়োগ সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে।

রিটে ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমের গ্রেফতার এবং ২০২০ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে অনুরূপ অভিযোগে আরেক ডোমের গ্রেফতারের ঘটনাও তুলে ধরা হয়েছে। এসব ঘটনার আলোকে দেশের সব পোস্টমর্টেম-সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী ডোম নিয়োগ এবং নারী মরদেহের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

জীবিকা ও বরকত বৃদ্ধির উপায়
১৯ জুলাই ২০২৬ ১৯:৫৮

আরো

সম্পর্কিত খবর