চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আটটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত ও ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২১ জুলাই) থানার বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানার আটটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি আফতাব বায়েজিদ এলাকায় অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, আফতাবের বিরুদ্ধে থাকা আটটি মামলার মধ্যে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার পাঁচটি মামলায় আদালত তাকে মোট ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এসব মামলায় তিনি এতদিন ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।