Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২৩:১৪ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১০:৩৩

ঢাকা: এ বছরের সিজনস বেস্ট কম্পলিমেন্টের উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের বিশিষ্টজনের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১২ জুন) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, প্রায় ১,৭৫০ কেজিরও বেশি উন্নত মানের বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিকট উপহার হিসেবে প্রেরণ করা হয়!

বিজ্ঞাপন

দূতাবাসের টিম নেপালের রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ ৩৬০ জনেরও বেশি সম্মানিত প্রাপকের কাছে আমের প্যাকেটসমূহ পৌঁছে দেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। গুণগত মান ও সতেজতা নিশ্চিত করতে সেগুলো বাংলাবান্ধা বন্দর ব্যবহার করে, ফুলবাড়ি ল্যান্ডপোর্ট (শিলিগুড়ি সীমান্ত) এবং নেপালের কাকরভিটা বন্দর হয়ে অতি সতর্কতার সঙ্গে পরিবহন করা হয়।

এ আমগুলো ছিল স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের আম, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত।

এই শুভ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। এ শুভেচ্ছা উপহার উভয় বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে কাজ করছে।

নেপালে এ অনন্য ‘ম্যাংগো ডিপ্লোমেসি‘ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, বাংলাদেশ দূতাবাস তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর