Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জুনে গ্লোবাল গেটওয়েতে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৭:৫১

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আমন্ত্রণপত্র তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এই আমন্ত্রণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সফরটি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনেরও সুযোগ করে দেবে। ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়াবলিতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭’, আসন্ন উচ্চ-পর্যায়ের কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করে। তারা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং জাতিসংঘ ও রোহিঙ্গা সংকট-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

এ ছাড়া, উভয় পক্ষ পারস্পরিক সুবিধার লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর