Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৪:২২ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৪:৩২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ঢাকা: আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন এরইমধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে। চলতি জুলাই মাসের শেষ দিকে তা চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে। সারাদেশকে হাওর, উত্তর-পূর্বাঞ্চল, উপকূলীয়, নদী প্রধান ও সমতল অঞ্চলভিত্তিক ভাগ করে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা থাকলেও সরকার শুরু থেকেই বলে আসছে, এ বছরই নির্বাচন শুরু হবে। তবে নির্বাচন শুরু হওয়ার পর পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। অর্থাৎ, ২০২৭ সালের অক্টোবর নাগাদ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা অভিযান জোরদার, নতুন ডায়ালাইসিস সেন্টার স্থাপন এবং কমিউনিটি ক্লিনিক সংস্কার ও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রথমবারের মতো প্রায় ১০ লাখ ১৩ হাজার খাদ্য ব্যবসায়ীর তথ্য নিয়ে কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করছে। এর মাধ্যমে ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও নিয়মিত তদারকি সহজ হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও আইন প্রয়োগ— দুই দিকেই গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষা খাতে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ খুলে যাওয়ায়, প্রায় ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন বলেও জানান তিনি।

সংস্কৃতি খাতে নজরুল বর্ষ উদযাপন, স্কুলভিত্তিক বই পড়া কর্মসূচি এবং দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ১৬ জুলাই শহিদ দিবস পালনে বিভিন্ন কর্মসূচি; নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, ডাক বিভাগের মাধ্যমে স্বল্প খরচে কুরিয়ার সেবা সম্প্রসারণ এবং তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নিউ স্পোর্টস’ কর্মসূচির দ্বিতীয় আসরের নিবন্ধন শুরুর তথ্যও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর