ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহিদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের এই আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি নিজে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এতে ক্যাম্পাসের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ঢামেকের ৮১ বছরপূর্তি অনুষ্ঠানে এসে সেলফি তুললেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।