Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবু সাঈদের নামে গেট-স্মৃতিস্তম্ভ-হল ও ইন্ডাস্ট্রিয়াল পার্কের আশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:৫৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২০:২০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মৃতিকে সংরক্ষণে তার নামে গেট, স্মৃতিস্তম্ভ ও আবাসিক হল নির্মাণের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে রংপুরে শিল্পায়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেরোবিতে শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল হওয়া দরকার, টিএসসি হওয়া দরকার। এখানে আবু সাঈদের নামে একটি গেট, একটি স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। শহীদ আবু সাঈদের শ্রদ্ধেয় বাবা মকবুল হোসেন তার নামে একটি হলের কথা বলেছেন। সব হবে ইনশাআল্লাহ্। আমাদেরকে একটু সময় দিন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘হবে বলেই আমি আজ রংপুরে এসেছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসেছি।’

রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন শিল্পকারখানা স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। এ বিষয়ে সরকার এরইমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘রংপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। শুধু সময় দিন, দেখবেন আস্তে আস্তে রংপুর আলোকিত রংপুরে পরিণত হবে। বঞ্চিত রংপুর থাকবে না।’

উন্নয়ন বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে নিশ্চিত করেছেন যে দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ কমবে না। আমি বলি, একটু হলেও বাড়বে ইনশাআল্লাহ্। কথা দিয়ে যাচ্ছি, একটু হলেও বাড়বে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর