ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত একগুচ্ছ প্রস্তাবনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে অযোগ্য ঘোষণা, জামিনদারদের ঋণখেলাপি হিসেবে গণ্য করা এবং বিদ্যুৎ, ভূমিকর ও ওয়াসা বিলখেলাপিদের প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই প্রার্থিতায় অযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্বধারী ও লাভজনক পদে থাকা ব্যক্তিদের নির্বাচন করার সুযোগ না রাখার পক্ষেও নীতিগত সম্মতি দিয়েছে কমিশন। সেসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
সচিব আরো জানান, এসব সংশোধনীর সুপারিশ শিগগিরই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট বিভাগ বা সংসদ।
অন্যদিকে, এনআইডি সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি। ভোটার এলাকা স্থানান্তরের জন্য অনলাইনে আবেদনের নতুন নিয়ম চালু হচ্ছে এবং এর জন্য নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ফি ধার্য করা হবে। একইসঙ্গে ১৫ বছর পর পর এনআইডি নবায়নের জন্য নির্ধারিত ফর্মে পরিবারের তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার কথাও বলেন তিনি।
এদিকে, সেবাপ্রাপ্তি সহজ করতে পাবলিক পরীক্ষার (পিএসসি, জেএসসি ও এসএসসি) সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ে হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের ভোটার নিবন্ধনে দুই ধাপের পরিবর্তে এক ধাপ কমিয়ে সরাসরি অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের জন্য ভোটার হওয়া আরও সহজ হবে।
স্থানীয় সরকার নির্বাচন-এনআইডিতে একগুচ্ছ পরিবর্তনের প্রস্তাব
সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৬ ২২:৩৭
২১ জুলাই ২০২৬ ২২:৩৭
সারাবাংলা/এনএল/এসএস