ঢাকা: খাল খননের পাশাপাশি নদী, খাল ও জলাশয় দখল-দূষণ রোধেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল ও দূষণের বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খাল পুনর্খননের পাশাপাশি দখল ও দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। এ ছাড়া তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের স্বার্থ বিবেচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এজন্য প্রতিটি বড় প্রকল্পের আগে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে পরিবেশগত বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।’
সভায় বাপার নেতারা নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিবেশবাদী সংগঠনগুলোর কাছে সঠিক তথ্য ও গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারের নদী রক্ষা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি খুশি কবির, ড. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।