ঢাকা: চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ প্রায় ৩০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।
এছাড়া সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্যে চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে সিনিয়র কর্নেল দু শিনশেং বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পিএলএ চীনা বৈশিষ্ট্যসম্পন্ন শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার পথে অটলভাবে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘পিএলএ চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
সিনিয়র কর্নেল দু শিনশেং আরও বলেন, ‘চীন বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ নীতি অনুসরণ করে আসছে। নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে চীন সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও বিনিময় আরও জোরদারে চীন আগ্রহী।’
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম চীনা পিপলস লিবারেশন আর্মির আধুনিকায়নের সাফল্যের প্রশংসা করেন।
তিনি চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়নে চীনের সহযোগিতা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চীনা সশস্ত্র বাহিনী গঠনে পিএলএ-র অর্জনের প্রশংসা করেন এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন।