ঢাকা: রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে সরাসরি দেখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা ঘুরে দেখেন তিনি।
রাতে এই আকস্মিক পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন।
নগর পরিদর্শন সংক্রান্ত কার্যক্রম বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাতে ওই কর্মকর্তা বলেন, ‘রাজধানীর সড়ক ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং সার্বিক নগরসেবার চিত্র সরাসরি দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগরীর বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।’
তিনি আরও বলেন, ‘রাতের বেলায় নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে এবং সেবার মান কেমন, তা খতিয়ে দেখতে তিনি প্রয়োজনীয় নানা নির্দেশনা দেন।’
এর আগেও রাতে রাজধানী পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, ‘গত পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। উক্ত ঘটনায় জড়িত সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল।’