ঢাকা: সড়ক পরিবহণ শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সড়ক পরিবহণ মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, ‘শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহণ খাতকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে হবে।’
শনিবার (১ আগস্ট) রাজধানীতে সড়ক পরিবহণ শ্রমিকদের পেশাগত সংকট, ন্যায্য অধিকার, নিরাপত্তা ও চলমান বিভিন্ন সমস্যা নিয়ে দেশব্যাপী শ্রমিক নেতাদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, ‘দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি সড়ক পরিবহণ খাত। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক শ্রমিক ও তাদের পরিবার জড়িত। তাই শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করা, তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’
তিনি বলেন, ‘শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। শ্রমিকদের সমস্যা শুধু আলোচনা করে সীমাবদ্ধ না রেখে বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে।’
পরিবহণ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে শিমুল বিশ্বাস বলেন, ‘সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক, মালিক, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়ন ও পরিবহণ ব্যবস্থাকে আধুনিক করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবহণ খাতের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শ্রমিক ও মালিক—উভয়পক্ষের মধ্যে আস্থা, সহযোগিতা ও সমন্বয় বাড়াতে হবে।’
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক নেতারা পরিবহণ শ্রমিকদের পেশাগত সংকট, সড়ক নিরাপত্তা, ন্যায্য অধিকার, কল্যাণমূলক সুবিধা এবং পরিবহণ খাতের নানা সমস্যা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. হুমায়ুন কবির খান।
সভায় সজিব আলী, মোহাম্মদ হানিফ, জেনারেল ইসলাম, আব্বাস উদ্দিন, আবুল কাশেম, জোবায়ের জাকির, মো. মুসা, আব্দুল আলিম, বালা মিয়া, হাজী শাহজাহান, হাজী ময়নুল ইসলাম, রবিউল ইসলাম, আবু সরকার, ফিরোজ খান, আব্দুল বারিক, মমিনুল ইসলাম লাভলু, নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা ও হাসান মাহমুদসহ দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শ্রমিক নেতারাও বক্তব্য দেন।
সভায় বক্তারা পরিবহণ খাতের বিদ্যমান সংকট নিরসন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং খাতের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।