ঢাকা: বন্যা, খরা, জলাবদ্ধতা ও নদীভাঙন মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও গবেষণা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।’
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিশেষ করে বন্যা, খরা, জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন।’
তিনি বলেন, ‘এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুযোগ রয়েছে।’
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং পানিসম্পদ খাতে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং উপস্থিত ছিলেন।