ঢাকা: দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
সফরের শুরুতেই কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি নদীতে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সফল মৎস্য উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। এরপর দুপুর আড়াইটার দিকে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পৌঁছাবেন এবং সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রামের পর বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সেখানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমও এই মঞ্চ থেকেই উদ্বোধন করার কথা রয়েছে।
সকল কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।