Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ২২:৩০

ঢাকা: সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

বৈঠকে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, এই ঘাসকে ভেটিভার ঘাসও বলা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবিলায় বিন্না ঘাস ব্যবহার করা হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে। পানিতে ডুবে থাকলেও এটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে।

বিজ্ঞাপন

বৈঠকে ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে, তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে এই কমিটির প্রধান করা হয়েছে এবং প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ অন্যান্যরা এই কমিটিতে থাকছেন। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন।

এছাড়া অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর