Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদারের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৮:১২

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সভায় সরকারের অগ্রাধিকার প্রকল্প ও দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এরপর বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, ফাদার ও সেবায়েতদের ভাতা কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসব প্রকল্পের বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

সভায় দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইশতেহারের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করা হয়।

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলের বিভ্রান্তিমূলক প্রচেষ্টার নিন্দা জানিয়ে দলীয় অবস্থান জনগণের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে আলোচনায় সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব মহাসচিবকে দেওয়া হয়েছে।

সভায় ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেওয়া হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন চুক্তি ও অর্জন নিয়ে আলোচনা করে সফরকে সফল হিসেবে অভিহিত করা হয় এবং দুই দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রশংসা করা হয়।

আন্তর্জাতিক বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। বিএনপির মতে, এটি বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দলীয় কার্যক্রম আরও সক্রিয় করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।

দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (ভার্চুয়ালি), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সভা শেষে তারেক রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর