ঢাকা: দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করার পর সরকারের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে। তিনিই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে তফসিল ঘোষণার পর স্পিকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৈঠকে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কর্মদক্ষতা ও কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী বা এমপিদের কার্যক্রমের ফল সন্তোষজনক না হলে দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে। প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যসংখ্যাও বাড়ানো হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকি এবং মাঠপর্যায়ের বিভিন্ন প্রকল্পে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য প্রশাসনকে সক্রিয় হওয়ার পাশাপাশি নতুন নতুন উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে। একই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে বিএনপির সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সুশৃঙ্খল রাখতে জেলা পর্যায়ের নেতাদের কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
দলীয় সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার নীতিগত সিদ্ধান্তের পর বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসতে পারে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং হাফিজ উদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
তবে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী কে হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।