Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২১:৩০

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (কাল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হবে। তার আগে বেলা ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছাবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

‎বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সচিব কার্যালয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎তিনি জানান, কমিশনের কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনি প্রয়োজনীয় সরঞ্জামসহ জাতীয় সংসদ ভবনে উপস্থিত হবেন। এ ছাড়া ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পরবর্তীতে সংসদ ভবনে যোগ দেবেন।

‎ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ইসি সচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা হবেন।

‎এর আগে, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

‎এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারণ হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর