ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে সাড়ে চার লাখ ভোটার যুক্ত হয়েছে। নতুনদের নিয়ে এখন দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে।
সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, হালনাগাদে এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। বর্তমান ভোটার সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। বলেন, এ ভোটার নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনে এগিয়ে যাবে। ৩১ জুলাই পযন্ত যারা ভোটার হয়েছেন তারাই ভোট দিতে পারবেন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, মহিলা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন আর ১ হাজার ২৬৭ জন হিজড়া।
এবার ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকাও এরইমধ্যে চূড়ান্ত হযেছে বলে জানান সচিব। জানান, প্রতি স্তরের স্থানীয় নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি।
উল্লেখ্য, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের মধ্যে সামনে ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, প্রায় ৫০০টি উপজেলা, ৬১ জেলা পরিষদ এবং সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন রয়েছে। ইসির প্রাথমিক পরিকল্পনায় ইউপি নির্বাচন দিয়েই এ ভোটপর্ব শুরু করার কথা রয়েছে।
দেশে এখন ভোটার প্রায় ১৩ কোটি
সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ১৫:১৩
৩১ আগস্ট ২০২৬ ১৫:১৩
সারাবাংলা/এনএল/ এএ