Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণের রায়কে সম্মান করার আহ্বান জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৬:০৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২১:০৭

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: সংবিধান সংশোধনের আগে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই সংস্কার ছাড়া সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।’

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। তবে তাদের দল এতে সম্মতি দেয়নি।’ তার ভাষ্য, ‘সংস্কার হলেই সংবিধান সংশোধন হবে। আর সংস্কার ছাড়া যে সংবিধান সংশোধন করা হবে, তা জনগণের নয়, বিশেষ কোনো উদ্দেশ্য পূরণের সংশোধন হবে। সংবিধান সংশোধন কোনো দলের স্বার্থে নয়, ১৮ কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জনগণের রায়কে সরকার সম্মান করছে কি না, সেটিই এখন দেখার বিষয়।’ জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি পালনের ঘোষণাও দেন।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সারাদেশে খুন, মাদক, চাঁদাবাজি ও নানা ধরনের সামাজিক অপরাধ বেড়েছে।’ তিনি অভিযোগ করেন, ‘এসব অপরাধ দমনে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।’

বিনিয়োগ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।’ তার দাবি, ঘাটে ঘাটে দুর্নীতি ও চাঁদাবাজির কারণে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আগ্রহ হারাচ্ছেন।

এ ছাড়া তিনি সরকারের একজন মন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘সব মন্ত্রণালয়ের বিষয়ে হস্তক্ষেপ না করে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।’

 

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর