Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আল-আকসায় ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জামায়াত আমিরের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৯:১৮

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে হাজার হাজার চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর প্রবেশ ও তাণ্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আল-আকসা মসজিদ বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান এবং মুসলিম উম্মাহর ঈমান ও আবেগের প্রতীক। আন্তর্জাতিক আইন ও দীর্ঘদিনের ঐতিহাসিক স্থিতাবস্থা লঙ্ঘন করে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার বসতি স্থাপনকারীর পবিত্র প্রাঙ্গণে প্রবেশ এবং ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা আন্তর্জাতিক আইন ও সভ্যতার চরম অবমাননা।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়া, বৃদ্ধ ও তরুণদের ওপর নির্যাতন চালানো এবং পবিত্র আল-আকসা প্রাঙ্গণের মর্যাদা ক্ষুণ্ণ করার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে আরও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের দখলদারিত্বমূলক ও অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও শান্তিপ্রিয় বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বন্ধে অবিলম্বে কার্যকর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

বিবৃতিতে জামায়াত আমির ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর