কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপি’র একটি সমঝোতা হয়েছে। তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়।
রোববার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার বলেন, অনেকেই বলছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট চুপ্পুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু এটি ভুল কনসেপ্ট। যতোদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন ততদিন ৫১ অনুচ্ছেদ তার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। কিন্তু এখন তিনি রাষ্ট্রপতি নন তাই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, এরশাদ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার মাত্র ৬ দিন পর তাকে জেলে নেওয়া হয়েছিল। জুলাই সনদ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় মানছে না। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল বিএনপির সংসদ সদস্যদের। কিন্তু তারা সেটি না করে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি বিএনপি এই রায় কার্যকর না করে তাহলে জনগন সিদ্ধান্ত নেবে। আমরা জনগনকে সঙ্গে নিয়ে এ রায় কার্যকর করব।
অনুষ্ঠানে এনসিপির মহিলা এমপি ডা. মাহমুদা মিতু, এনসিপি নেতা সরোয়ার তুষার, ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।