Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জে বিএনপির মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৮:১৩

বিএনপির এক পক্ষের সমাবেশ।

সুনামগঞ্জ: উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবাদমান দুই পক্ষ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরের পর থেকে পৌর শহরে মিছিল ও পাল্টা মিছিল করেন দলটির দুই পক্ষের নেতা-কর্মীরা। পরে এক পক্ষ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করে।

উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কায় দিরাই থানার অফিসার ইনচার্জের (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় এসব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উভয়পক্ষের নেতা-কর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করেন। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও বিএনপি নেতা আলী আকবর চৌধুরী সমর্থিত নেতা-কর্মীরা।

জানা যায়, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক নেতা-কর্মীরা গত ৬ আগস্ট জুলাই স্মরণে দিরাই থানা পয়েন্টে একটি সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এরপর একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেন তার ছোটো ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতা-কর্মীরা।

এই সমাবেশকে সমর্থন জানান জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এবং বিএনপি নেতা আলী আকবর চৌধুরী সমর্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা। তবে মাসুক চৌধুরীর পক্ষের এই সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক নেতা-কর্মীরা। শুক্রবার রাতে তারা দিরাই থানা পয়েন্টে মিছিল বের করে সমাবেশের প্রতিবাদ জানান।

বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী)। সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।

সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ ও দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দিরাই শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মিছিল-সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। মিছিলের পর এক পক্ষ সমাবেশ করেছে; তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘাত সৃষ্টি হয়নি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

 

সারাবাংলা/এনএমইি/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর