ঢাকা: তারেক রহমানের ওপর অতীতে চালানো নির্যাতন ও কষ্টের দিনগুলোর কোনো প্রতিশোধ তিনি নিতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তিনি সেই অতীত বা কষ্টের দিনগুলো মনে রাখতে চান না এবং দল ও দেশের মূল কাজগুলোকে পেছনে ফেলে প্রতিশোধের পথে হাঁটতে চান না।’
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
রুমন আরও বলেন,‘‘অতীতে চরম দুঃসময়, চোখ রাঙানি ও নির্যাতন সহ্য করেই নেতাকর্মীরা দলের এই দিবসটি পালন করে আসছেন। তৎকালীন ওয়ান-ইলেভেন সরকারসহ বিভিন্ন সময়ে নানা নিপীড়নের শিকার হলেও সেসবের প্রতিশোধ নেওয়ার মানসিকতা প্রধানমন্ত্রীর নেই।’
ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, এদেশের জনগণই সব ক্ষমতার উৎস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান বারবার প্রমাণ করেছে যে দেশের সব ক্ষমতার মালিক কেবল জনগণই।’
সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘একসময়ের সেই দুঃসময়ের সঙ্গে আজকের মুক্ত পরিবেশের অনেক তফাৎ রয়েছে। নিরাপত্তার খাতিরে অতীতে যেকোনো অনুষ্ঠান বা কর্মসূচির স্থান ও সময় গোপন রাখতে হতো এবং মাত্র ২-৩ ঘণ্টা আগে গণমাধ্যমকে জানানো হতো। সেই চরম ঝুঁকি ও প্রতিকূলতার মাঝেও সংবাদকর্মীদের সহযোগিতা এবং রাজপথে দলের বিশ্বস্ত সহযোদ্ধাদের অবিচল প্রেরণার ফলেই সমস্ত বাধা পেরিয়ে দলটি আজকের এই অবস্থানে পৌঁছেছে।’
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী এবং ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। এ ছাড়া অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতাকর্মীসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।