Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটে ধর্মের ব্যবহার বন্ধসহ ৭ দাবি হিন্দু জোটের

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৯

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ, নির্বিঘ্ন ভোটের পরিবেশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সাত দফা দাবি তুলে ধরেন মহাজোটের নেতারা।

এদিকে, সিইসি এএমএম নাসির উদ্দিনও এসব দাবির সঙ্গে একমত পোষণ করে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বলে জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে।

তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবের সঙ্গে কমিশন একমত হয়েছেন, জানিয়েছেন আগে থেকে এ নিয়ে কাজ করছেন। সিইসি সৌহার্দ্য পরিবেশে আলোচনা করে গুরুত্ব দিয়ে বলেছেন-শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনার সবাই ভোটকেন্দ্রে যাবেন, আমরাও কথা দিয়েছি নাগরিক অধিকার প্রয়োগ করতে চাই।’

বিজ্ঞাপন

‘ভোটকেন্দ্রে যাওয়ার পর এসে দেখলাম বাসাবাড়ি, মঠ মন্দির ভাঙচুর হয়েছে’-এ ধরনের পরিবেশে পরিস্থিতি যেন না হয় সে বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

পলাশ কান্তি দে বলেন, ‘সিইসি নিশ্চয়তা দিয়েছেন এবার কেউ আপনাদের অত্যাচার করতে পারবে না। আমরা শক্তভাবে এ ব্যবস্থা গ্রহণ করব।’

বৈঠকে নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তানিশ্চিতে ৭টি প্রস্তাব তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাহী মহাসচিব আরও বলেন, ‘আমাদের ভয়ের জায়গাটা অমূলক নয়। দুইটা সময় আমরা খুব উদ্বিগ্ন অবস্থায় থাকি; দুর্গা পূজা আর নির্বাচন। নির্বাচন কখনও হিন্দু সম্প্রদায়ের জন্য সুখকর ছিল না। স্থানীয় সরকার ও সংসদের প্রতিটি নির্বাচনের আগে-পরে, প্রত্যেকটা সরকারের সময় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত হানা নিয়মিত ব্যাপার হয়েছে। কমিশন বলেছে, অপরাধীরা এবার পার পাবে না।’

ইসি এবার কঠোরভাবে অপরাধীদের দমনের আশ্বাস দেন বলে জানান মহাজোটের মুখপাত্র।

‘আমাদের প্রস্তাবের সঙ্গে ইসির ভাবনার পুরোপুরি মিলে গেছে জানানো হয়েছে। সিইসি আশ্বস্ত করেছেন, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে ভোটকেন্দ্রে যাবেন এবং নিরাপত্তা নিয়ে বাসায় ফিরবেন। এর ব্যত্যয় ঘটলে শক্তভাবে ব্যবস্থা নেবে ইসি। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয় ভীতি প্রদর্শন ও স্থাপনায় আঘাত হানলে আইন শৃঙ্খলাবাহিনী শক্ত ভাবে ব্যবস্থা নেবে।’

প্রত্যেকটা সময় কিছু হলে হিন্দুরা সব সময় বলির পাঠা হয় বলে মন্তব্য করেন তিনি।

মহাজোটের দাবিগুলো হলো-

ভোটের ১০ দিন আগে ও পরে পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, মঠ মন্দিরের নিরাপত্তা জোরদার; ভোটে সেনা মোতায়েন; সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার ও সমাবেশ না করা; ভোটে ধর্মের ব্যবহার না করা; হামলা হলে সেই আসনের ভোট স্থগিত ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া; সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় মনিটরিং সেল করা এবং ভোট কেন্দ্রে যাওয়া ও আসা নির্বিঘ্ন ব্যবস্থার দাবি জানিয়েছে এ জোট।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর