Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলাপির হার ২০ শতাংশ হলেও ক্ষুদ্র ঋণে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৬:৩২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:১৭

ঢাকা: ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে যাওয়ায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য গঠিত ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল পরিচালনায় শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের ২০ শতাংশ পর্যন্ত খেলাপি থাকলেও তারা এই তহবিল থেকে ঋণ নিতে পারবে।

বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়।

আগের শর্ত অনুযায়ী, কোনো ব্যাংককে তহবিলের জন্য যোগ্য হতে হলে তার শ্রেণিকৃত ঋণ ১০ শতাংশের কম ও অন্তত তিন বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হতো। নতুন নির্দেশনায় শুধু শ্রেণিকৃত ঋণের সীমা ২০ শতাংশে উন্নীত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের আগস্টে সরকারের পরিবর্তনের পর ব্যাংক খাতে গোপন থাকা বিপুল পরিমাণ খেলাপি ঋণের তথ্য প্রকাশ পেতে শুরু করে, যার প্রভাব হিসেবে কেন্দ্রীয় ব্যাংক শর্ত শিথিলের এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ-সংক্রান্ত পূর্ব ঘোষিত মূল সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং দুর্যোগে (যেমন নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড বা কোভিড-১৯–এর মতো মহামারি) ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। তহবিল থেকে বিতরণকৃত মোট ঋণের অন্তত ৭০ শতাংশ উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবসা খাতে দিতে হবে। এ ছাড়া মোট ঋণের কমপক্ষে ৭৫ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এবং সর্বোচ্চ ২৫ শতাংশ মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বিতরণের সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করে। সম্পূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে গঠিত এ তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ২ শতাংশ সুদে অর্থ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারে। স্কিমটির মেয়াদ ৩ বছর হলেও গ্রাহক পর্যায়ে গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তহবিলের আকার আরও বাড়ানো হতে পারে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর